|
একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা আমার নৈতিক দায়িত্ব
নগর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই : বিলকিস জাহান শিরিন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, “নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং বরিশালকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা আমার নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছি।” বুধবার (এপ্রিল ১) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নগরীর সাংস্কৃতিক কার্যক্রমকে গতিশীল করতে টাউন হলের ভাড়া ১১ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ও সাংস্কৃতিক সংগঠনগুলো সহজে অনুষ্ঠান আয়োজন করতে পারে। এছাড়া দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের অন্যতম কারণ কাউনিয়া এলাকার মূল সড়কের পাশে অবস্থিত বাঁশেরহাট সরিয়ে নেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।স্বাস্থ্যখাতের বিষয়ে তিনি বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা নিয়মিত মশকনিধন কার্যক্রম জোরদার করেছি। নগরীর প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওষুধ ছিটানো হচ্ছে এবং এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।” নগর উন্নয়নে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, “নগরবাসীর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই আমরা নাগরিকদের সাথে সমন্বয় করে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং সঞ্চালনা করেন এস এম জাকির হোসেন। এসময় বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সিনিয়র সদস্য নাছিম উল আলম, সাবেক সভাপতি মেহেরুন্নেসা বেগম, নুরুল আলম ফরিদ ও কাজী আল মামুন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসকের গৃহীত পদক্ষেপগুলো ইতিবাচক পরিবর্তন আনছে। তারা এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে বরিশাল প্রেসক্লাব-এর পক্ষ থেকে সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি এবং ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Post Views: ০
|
|