Current Bangladesh Time
বুধবার জুন ১৭, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড 
Wednesday June 17, 2026 , 10:17 am
Print this E-mail this

দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শিল্পায়নে পিছিয়ে বরিশাল বিভাগ

দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের অপেক্ষা, প্রতিশ্রুতি ও আন্দোলনের পর অবশেষে দক্ষিণাঞ্চলের শিল্পায়নের অন্যতম প্রধান দাবি বাস্তবায়নের পথে এগোতে শুরু করেছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশালে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই ঘোষণাকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শিল্পায়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা কিংবা যশোরে শিল্পাঞ্চল ও ইপিজেড গড়ে উঠলেও দক্ষিণাঞ্চলের কোটি মানুষের জন্য এমন কোনো বৃহৎ শিল্পভিত্তিক কর্মসংস্থান কেন্দ্র আজ পর্যন্ত গড়ে ওঠেনি। ফলে প্রতিবছর হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী জীবিকার সন্ধানে ঢাকা, চট্টগ্রাম কিংবা বিদেশমুখী হতে বাধ্য হচ্ছেন। পদ্মা সেতু চালুর পর বরিশাল অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি হয়ে ওঠে একটি ইপিজেড স্থাপন। একই সঙ্গে ছয়লেন মহাসড়ক, ভোলা থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লাহারহাটে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিও জোরালো হয়। ব্যবসায়ী ও নাগরিক সমাজের মতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর শিল্পায়ন ছাড়া দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়। বরিশালের ব্যবসায়ীরা জানান, এ অঞ্চলে ইপিজেড স্থাপনের দাবি নতুন নয়। এর আগেও একাধিকবার সাবেক সংসদ সদস্য ও মেয়ররা বরিশালে ইপিজেড নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। সে সময় বরিশালের লাকুটিয়া ও তালতলী এলাকায় সম্ভাব্য স্থান নির্ধারণ করে জমি উন্নয়ন ও ভরাটের উদ্যোগও নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রকল্পটি দৃশ্যমান অগ্রগতি পায়নি। সাম্প্রতিক সরকারি ঘোষণার ফলে সেই উদ্যোগ আবারও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বরিশালের ইপিজেড এবং বরগুনা ও পিরোজপুরের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বিভিন্ন জেলার প্রশাসকরা নতুন শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করেন। এসব প্রস্তাব পর্যালোচনার পর বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় নেওয়ার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিয়মিত অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং গত ১৪ জুন বরিশাল, পিরোজপুর ও বরগুনায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। একটি সম্ভাবনাময় বিনিয়োগ কেন্দ্রে পরিণত করেছে। একটি ইপিজেড প্রতিষ্ঠিত হলে কাঁচামাল আমদানি, উৎপাদন ও রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সুযোগও বহুগুণ বৃদ্ধি পাবে।অর্থনীতিবিদদের মতে, ইপিজেড শুধু একটি শিল্পাঞ্চল নয়; এটি একটি অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের মাধ্যম। নতুন শিল্পকারখানা গড়ে ওঠার ফলে প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি পরিবহন, আবাসন, ব্যাংকিং, বীমা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতেও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে শিল্পবঞ্চিত বরিশাল অঞ্চলের মানুষের কাছে সরকারের এই ঘোষণা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং একটি নতুন অর্থনৈতিক ভবিষ্যতের প্রতিশ্রুতি। এখন দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, অতীতের প্রতিশ্রুতির মতো এই উদ্যোগও যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বরিশালে বহু প্রতীক্ষিত ইপিজেড প্রতিষ্ঠিত হলে শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির নতুন অধ্যায়ের সূচনা হবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তব রূপ পাবে।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন