|
প্রত্যাহার নয়, স্থায়ী বহিষ্কারের দাবি ঢাবি শিক্ষার্থীদের
এডিসি হারুন সাময়িক বরখাস্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে বদলি হওয়া অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, এডিসি হারুনকে বরখাস্ত করা হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন, সেহেতু তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান অনুযায়ী ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। রোববার দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় জানানো হয়, তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। পুলিশের মারধরের শিকার ছাত্রলীগের তিন নেতা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তাদের মধ্যে গুরুতর আহত আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন। ভুক্তভোগী নেতাদের অভিযোগ, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে ঘটনার জেরে এডিসি হারুন এ ঘটনা ঘটিয়েছেন। ছাত্রলীগ নেতাদের ডেকে নিয়ে গিয়েছিলেন আজিজুল। ঘটনা তদন্তে গতকালই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি।
প্রত্যাহার নয়, স্থায়ী বহিষ্কারের দাবি ঢাবি শিক্ষার্থীদের

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনকারী ডিএমপির রমনা জোনের সাবেক এডিসি হারুন অর রশীদের বদলি নয়, স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। এতে গাজীপুর ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরিফ আহমেদ মুনিমকে এডিসি হারুনের নেতৃত্বে ব্যাপক নির্যাতন করা হয়। মানববন্ধনে ঢাবি শিক্ষার্থী মাহবুবুল আলম ইমন বলেন, এডিসি হারুন তার ব্যক্তিগত কু-কর্ম ঢাকা দিতে আর পরকীয়া করতে গিয়ে বাধা পেয়ে আজকে আমাদের দুই ভাইকে এভাবে থানায় নিয়ে পাশবিক নির্যাতন করেছেন। এমন সন্ত্রাসীর আমরা স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তার দাবি করছি। শিক্ষার্থীর বলেন, আমরা দেখেছি, যে মানবিক-বিকারগ্রস্ত এই হারুন এর আগেও অনেক শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়েছেন। তার যথাযথ শাস্তির দাবি করেন তারা।
Post Views: ০
|
|