|
রাজধানীর পূর্বাচলে পুলিশের আবাসন প্রকল্পের একটি বাড়িতে এ অভিযান পরিচালিত
অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর পূর্বাচলে পুলিশের আবাসন প্রকল্পের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার মধ্যরাতে শুরু হওয়া এ অভিযানে মদ, ইয়াবা, গাঁজা, কনডম ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন। বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। পুলিশ জানায়, এয়ারবিএনবির মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হতো। সেখানে নিয়মিত ডিজে পার্টি ও মাদক সেবনের আয়োজন চলত বলে গোয়েন্দা তথ্য ছিল। এসব আয়োজনের সহ-আয়োজক হিসেবে আটক মাহবুবুল আলম ডিবির কাছে জানিয়েছেন পার্টি থেকে আয়ের ৭০ শতাংশ পেতেন বাড়ির মালিক জহির। এ অভিযোগ অস্বীকার করেছেন আবদুল্লাহ আল জহির। তিনি গণমাধ্যমের কাছে দাবি করেছেন, বাড়িটি জন্মদিন ও পারিবারিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং সেখানে মাদক ও ডিজে পার্টি নিষিদ্ধ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার বাড়িটিতে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলার তথ্য পেয়ে ডিবির উত্তরা বিভাগের একটি দল অভিযান চালায়।

অভিযানে ২৬ নারী ও ৫৮ পুরুষকে আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া ডিবির কর্মকর্তারা জানান, অভিযানে মদ, ইয়াবা, গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মাহবুবুল আলম জানিয়েছেন বাড়িটিতে আয়োজিত পার্টি থেকে পাওয়া অর্থের ৭০ শতাংশ পেতেন জহির এবং বাকি অর্থ পেতেন তিনি। ডিবি সূত্র জানায়, বাড়িটিতে নিয়মিত পার্টি আয়োজন করা হতো এবং অনলাইনে বুকিং নিয়ে অতিথিদের সেখানে আসার ব্যবস্থা করা হতো। এসব আয়োজনের আড়ালে মাদক সেবন ও মাদকের কারবার চলত। এয়ারবিএনবি একটি আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাড়ি, অ্যাপার্টমেন্ট বা কক্ষ স্বল্প ও দীর্ঘ মেয়াদে ভাড়া দেওয়া যায়। বাড়িটি এ প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির গণমাধ্যমকে জানিয়েছেন, জন্মদিন, গায়েহলুদ ও পারিবারিক অনুষ্ঠানের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হয়। এয়ারবিএনবি ও অন্য একটি ট্রাভেলার প্ল্যাটফর্মে বাড়িটি ভাড়ার জন্য তালিকাভুক্ত রয়েছে। বাড়িটি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। সেখানে মাদক ও মদ নিষিদ্ধ এবং কোনো অতিথি এসব বিধিনিষেধ ভঙ্গ করলে জরিমানা, কালোতালিকাভুক্ত করা কিংবা ভবিষ্যতে ভাড়া না দেওয়ার ব্যবস্থা রয়েছে।সোমবার রাতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু ভাড়া নেওয়া অতিথিরা মাদক নিয়ে আসেন, যা ডিবির অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ জারি হয়েছে বলে জানা গেছে।
Post Views: ০
|
|