মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে দীর্ঘদিনের নকশা অনুমোদন জট কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সরকার প্রণীত ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুসরণে ২০২৪ ও ২০২৫ সালে জমাকৃত মোট দুইশোটি ইমারতের নকশা একযোগে অনুমোদন দিয়ে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (এপ্রিল ৩০) বেলা ১১টায় নগরীর শহীদ মিনার অডিটোরিয়াম ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে এসব নকশা হস্তান্তর করেন। এ সময় তিনি উপস্থিত প্রায় ৪০ জন গ্রাহকের হাতে নিজেই অনুমোদিত নকশা তুলে দেন, যা সেবাপ্রাপ্তদের মধ্যে সন্তোষের সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীর ভোগান্তি কমানো এবং সেবা প্রাপ্তিকে সহজ ও গতিশীল করাই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে জমে থাকা নকশা অনুমোদনের আবেদন দ্রুত নিষ্পত্তি করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নগর উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং ভবন নির্মাণ আরও পরিকল্পিত ও আইনসম্মত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, নির্বাহী প্রকৌশলী মাকসুমুল হাকিম রেজা এবং স্থপতি মো: সাইদুর রহমান লুসানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, একযোগে বিপুল সংখ্যক নকশা অনুমোদনের এ উদ্যোগ নগর পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে নাগরিক সেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।