Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী 
Saturday February 21, 2026 , 3:29 pm
Print this E-mail this

আমি গণমাধ্যম কর্মীদের অভিভাবক হতে চাই : এম জহির উদ্দিন স্বপন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, দেশগঠনের জন্য যেকোন পরিকল্পনা বাস্তবায়ন করতে আগে গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাই আমি গণমাধ্যম কর্মীদের অভিভাবক হতে চাই। তিনি আরও বলেছেন, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের কল্যানে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবার বেলা সাড়ে  ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হবে। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। ক্ষমতার পালা বদলের মধ্যদিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো। তিনি বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নারীদের ক্ষমতায়ন করা। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছনোর পর ঐসব পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। মন্ত্রী আরও বলেন, জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দূর করাসহ অগ্রাধিকার ভিত্তিতে আরও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন  করতে হলে প্রথমেই গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে তথ্যমন্ত্রী উল্লেখযোগ্য ভাষা সৈনিকদের স্মৃতিচারণ করেন। পরে সকল ভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গকারী ভাষা সৈনিকদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বক্তব্য রাখেন-বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান ও বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিকরা। এর আগে শনিবার সকালে তথ্যমন্ত্রীকে বরিশাল সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। একইদিন দুপুরে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মন্ত্রী জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে সরকার আন্তরিক এবং এই লক্ষ্যে সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুপুর ১২টায় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী সংবাদকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে গণমাধ্যম প্রচলিত ধারায় চললেও সময়ের প্রয়োজনে আমাদের আরও আধুনিক ও উদ্ভাবনী হতে হবে। গণমাধ্যমকে বিশ্বমানের ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের কাছ থেকে যেকোনো গঠনমূলক ও সৃষ্টিশীল পরামর্শ গ্রহণে তিনি প্রস্তুত রয়েছেন বলে উল্লেখ করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের উৎসাহিত করেন।বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণমাধ্যমের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন-বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, লতিফুর রহমান জাকির এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তথ্যমন্ত্রী ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশালে সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়। সভায় ওয়েজবোর্ড ছাড়াও তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের অধিকার রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মন্ত্রী হওয়ার পর শনিবার সকালে প্রথমবার সরকারি সফরে বরিশাল আসলে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইব্রাহীম, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো: শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Image
বরিশালে স্কুলছাত্রকে লাথি মেরে হত্যা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন