|
শেফালী আমাদের সমাজের অনুকরণীয় নারী জাগরণের দৃষ্টান্ত
‘নরসুন্দর’ পেশায় ঝালকাঠি নারী ‘শেফালী’
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা বাজারে ক্ষুর, কেচি ও চিরুনি নিয়ে ব্যস্ত এক নারী। মানুষকে সুন্দর করে তুলতে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন তিনি। শত বাঁধা পেরিয়ে পুরুষেরর সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন তিনি। খোঁজ নিয়ে জানাগেল তার নাম শেফালী শীল। পশ্চিম ছিটকী গ্রামের দরিদ্র যাদব শীলের চতুর্থ সন্তান তিনি। নর সুন্দর পেশায় সম্ভবত তিনিই দেশের প্রথম নারী। তবে পেশাটিকে বেছে নেওয়ার পথ অত সহজ ছিলো না। তিনি জানান, প্রথমে অন্যের বাড়ি কাজ করলেও সংসার যখন চলছিল না, তখন ছেলেবেলায় পিতার বাড়ি থেকে চুল কাটার পেশা বেছে নেয়। তবে গ্রামের বাজারে চুল কাটতে শুরু করলে তখন গ্রামের কিছু লোক ভাল চোখে দেখেনি। শেফালী বলেন, গ্রামে বাজারের মধ্যে মেয়ে মানুষ পুরুষ লোকের চুল কাটছে দেখে অসহযোগিতা ও হাসি-ঠাট্টা করতো। অনেকে সমালোচনাও করতো। তবে গ্রামের কিছু লোক অভাব দেখে আমাকে সহযোগিতাও করছে। তারা নিজেরা টাকা তুলে চুল কাটার জন্য আমাকে একটি চেয়ারও কিনে দিয়েছিল। অতীতের দারিদ্রতার কথা তুলে ধরে শেফালী বলেন, দারিদ্রতার কারণে ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার সৌভাগ্য হয়। পরিবারের চাপে বাধ্য হয়ে আতরআলী গ্রামের বিশ্বনাথ শীলের সাথে মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয় তার। শুরু হয় দারিদ্রতা আর মানিয়ে নেয়ার জন্য জীবনের সাথে যুদ্ধ। জীবনকে বুঝে উঠার আগেই ৪ মেয়ে ও ১ ছেলের মা হয় সে। তিনি বলেন, বিবাহিত জীবনে শান্তি ছিল না কখনই। একদিকে স্বামীর অবহেলা ও বেপরোয়া উদাসী জীবনযাপনের কারণে জীবন বিষন্নময় হয়ে ওঠে। এরপর পিতার বাড়িতে থাকা শুরু করি এবং এক সময় পিতার বাড়ি থেকে বলতলা গ্রামের দোগনা বাজারে চলে আসি। তখনও স্বামী কাজ করতো। কিন্তু ২০১২ সালে স্বামী প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে অসুুস্থ হয়ে পড়ে। অভাবের কারণে ভাল চিকিৎসা করাতে না পারায় একসময় সে মানসিক বিকারস্ত হয়ে যায়। এ অবস্থার কিছুদিনের মধ্যে নিরুদ্দেশ হয়ে যায়।তিনি বলেন, ৫সদস্যরে পরিবারের দায়িত্ব পুরোটাই আমাকে নিতে হয়। প্রথমে এ পেমায় গ্রামবাসী সহায়তা করে। এছাড়া ২০১৬ সালে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া ব্র্যাক অফিসের আওতায় একটি বকনা গরু ও একটি ছাগল প্রদান করা হয়। সেগুলো পালন করছি।শেফালী বলেন, বড় মেয়ে বি-এ (পাস কোর্স), ছেলেটি এইচএসসি আর বাকি ৩টি মেয়ে যথাক্রমে অষ্টম, সপ্তম ও প্রথম শ্রেণিতে পড়াশোনা করেছে। গরু-ছাগল, হাঁস, মুরগি-লালন-পালনের পাশাপাশি দোকানে চুল কেটে উপার্জিত অর্থ দিয়ে দিয়ে সংসার এবং সন্তানের লেখাপড়ার খরচ চলছে। কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, শেফালী আমাদের সমাজের অনুকরণীয় নারী জাগরণের দৃষ্টান্ত। লজ্জা এবং সমাজের ঠাট্টা উপেক্ষা করে সে এখন নারী সমাজের গর্ব।
Post Views: ০
|
|