ঝালকাঠিতে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থী সহ আটক ৬
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর লেখা খাতা উদ্ধার করা হয়। শুক্রবার (২১ জুন) সকালে শহরের কৃত্তিপাশা ও শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে এদের মধ্যে ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া বাকি তিন জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, কৃত্তিপাশা এলাকা থেকে এনএসআই’র ফিল্ড পরিদর্শক মো: আশিকুল ইসলামের সহায়তায় পরীক্ষার উত্তরপত্র সহ পরীক্ষার্থী মনীষা বিশ্বাস, তার স্বামী অসীম বিশ্বাস ও ভাই কিশোর দেউড়ি বিশ্বাসকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তারের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বামী-স্ত্রী সহ তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডিতরা ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা গ্রামের বাসিন্দা। এদিকে পরীক্ষা শুরুর পূর্বে সকাল পৌনে ১০টার দিকে ঝালকাঠি শিশু পার্ক এলাকা থেকে রাজাপুরের বালাইবাড়ি গ্রামের নুরুল ইসলাম রিপন, ঝালকাঠি চর ভাটারাকান্দার রাশেদ গাজী ও খাগুটিয়ার সিয়াম হাওলাদারকে আটক করা হয়। এরা তিন জনই পরীক্ষার্থী ছিলো। তারা পর্কে বসে ফেসবুক মেসেঞ্জারে পরীক্ষার উত্তরপত্র পেয়ে তা নোট করছিলো। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদের আটক করে।