মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাপানে চার দিনের সফরশেষে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪ তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার (৩১ মে) সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) যোগে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে এসেছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার বাদশাহ্ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যান। সন্ধ্যায় তিনি মক্কাস্থ সাফা প্রাসাদে ওআইসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ১ জুন তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। ৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশ্যে রাত ১ টা ১০ মিনিটে (সৌদি আরব সময়) জেদ্দা ত্যাগের কথা এবং ওইদিন বেলা ১টায় (ফিনল্যান্ড সময়) হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী জাপান অবস্থানকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষরশেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন। এছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশকিছু অনুষ্ঠানে যোগ দেন। ১২ দিনের সফর শেষে আগামী ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।