ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত
২৪ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে পুলিশের কার্যক্রম
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (আগস্ট ৮) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, বৃহস্পতিবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য।