মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয় সোমবার (এপ্রিল ২৭) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারী দপ্তরের নির্ধারিত কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় বরিশাল সদর উপজেলায় শিশু পাচার প্রতিরোধ বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠন রূপান্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও প্রকল্প কর্ম এলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষে চরকাউয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনয়ন চেয়ারম্যান ও সচিবগন উক্ত এলাকায় বসবাসকারী বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের ঝুঁকিতে রয়েছে এমন জনগোষ্ঠীর মোট ৮৮ জন শিশুর একটি তালিকা কমিটির সভাপতি/সদস্য সচিব বরাবরে হস্তান্তর করেন। এ সকল শিশুদের ঝুঁকি নিরসনে জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সেবার আওতাভুক্ত করার জন্য সভাপতি বরাবরে আবেদন জানান। সভায় কমিটির পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে ১৭ টি শিশুর জন্ম নিবন্ধন সেবা নিশ্চিত করণে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিশু যৌন পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সরকারী বিভিন্ন দপ্তরগুলোর মাধ্যমে সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।