|
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বেলুন ও শান্তির পায়ার উড়িয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় অধিবেশনে বিকালে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দীর্ঘদিন পরও কমিটি দিতে না পারায় দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে দক্ষিণ এবং লে. কর্নেল (অব.) ফারুক খানকে উত্তরের কমিটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে সম্মেলনের সাড়ে তিন বছরের মাথায় ২০১৬ সালে ১০ এপ্রিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর উত্তরে এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও মো: শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করে ঢাকার দুই অংশে কমিটি দেওয়া হয়। এর মাধ্যমে ঢাকা মহানগর আওয়ামী লীগ ভেঙে মহানগর উত্তর ও দক্ষিণ নামে দুটি কমিটি হয়। একই সঙ্গে ঢাকা মহানগরের ৪৯টি থানা ও ১০৩টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়। আজ মহানগরের শীর্ষ চার নেতার নাম ঘোষণার করা হবে। পরে থানা-ওয়ার্ডের সম্মেলন। এদিকে খুব সকাল থেকেই সম্মেলনে যোগদিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড় হন নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। স্বাগত ভাষণ দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানে ১৩ হাজার আমন্ত্রিত অতিথি থাকছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীসহ ৩০ হাজার অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। সম্মেলনে উপস্থিত রয়েছেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, দলের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর পল্টু, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, দলের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় নেতা আজমত উল্ল্যাহ খান, জরিয়াজুল কবির কাওসার।
Post Views: ০
|
|