প্রচ্ছদ » স্লাইডার নিউজ » খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
Saturday August 15, 2026 , 7:10 pm
নির্যাতন-নিপীড়ন ও প্রতিকূলতার মুখেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, রাজপথ থেকে উঠে আসা খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন-নিপীড়ন ও প্রতিকূলতার মুখেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। তিনি আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।শনিবার (১৫ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজিবর রহমান সরোয়ার বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তিনি বেঁচে থাকলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত আনন্দিত হতেন। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশের মানুষ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এটিই তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন। তিনি বলেন, আজকের দিনে আমরা শুধু বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি না, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাতের জন্যও দোয়া করছি। মহান আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের পথ দেখাবে। তার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।