খবরটি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার
একমাস পর কারামুক্ত হলেন ফখরুল-আব্বাস
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানার মামলায় গ্রেপ্তারের একমাস পর কারামুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তারা ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। এর আগে পল্টন থানায় মামলা দায়েরের পর ফখরুল-আব্বাসকে গত ৮ ডিসেম্বর গভীর রাতে তাদের নিজ বাসা থেকে আটক করে পুলিশ। রোববার পল্টন থানার মামলায় ফখরুল ও আব্বাসের জামিন বহাল রেখে আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। একই সঙ্গে মামলায় ফখরুল-আব্বাসের জামিননামা দাখিল না করতে চেম্বার আদালত যে নির্দেশ দিয়েছিলেন, তা তুলে নেন আপিল বিভাগ। ফখরুল-আব্বাসের জামিন প্রশ্নে রুল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলায় ফখরুল ও আব্বাসের জামিন আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনবার নাকচ হয়। সবশেষ ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন নাকচ হয়। এ অবস্থায় তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন।