Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় থানার ফেসবুকে, ওসিকে লিগ্যাল নোটিশ 
Wednesday June 3, 2026 , 7:21 pm
Print this E-mail this

এ ধরণের কর্মকাণ্ড ভুক্তভোগীর নিরাপত্তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে

ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় থানার ফেসবুকে, ওসিকে লিগ্যাল নোটিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি ও পরিচয় প্রকাশের অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের এসপিকে বিবাদী করা হয়েছে। বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের (জাতীয় আইনজীবী পরিষদ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি চকরিয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ওই ঘটনার জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। আইনজীবীর দাবি, ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয়, ছবি কিংবা এমন কোনো তথ্য প্রকাশ করা যা দ্বারা তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়, তা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থি। হাইকোর্ট বিভাগ সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন যে, ধর্ষণ ও যৌন নিপীড়নের ভিকটিমদের ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নোটিশে আরও বলা হয়, যদি গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ সত্য হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকাণ্ড হাইকোর্টের নির্দেশনার পরিপন্থি, ভিকটিমের মৌলিক অধিকার লঙ্ঘনকারী এবং দায়িত্বহীন আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরণের কর্মকাণ্ড ভুক্তভোগীর মানসিক, সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

লিগ্যাল নোটিশে যেসব দাবি জানানো হয়েছে :-

১। ঘটনার বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে।
২। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। ভিকটিমের ছবি, পরিচয় বা পরিচয় শনাক্ত করা যায় এমন সকল তথ্য অবিলম্বে অপসারণ নিশ্চিত করতে হবে।
৪। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট (শাখা) ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে হবে।
৫। এই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে অবহিত করতে হবে।

দাবি না মানলে জনস্বার্থে এবং আইন ও সংবিধান প্রদত্ত অধিকার বলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!