প্রচ্ছদ » Uncategorized » বরিশালে মাদকের বিরুদ্ধে বিএনপি নেতা ফারুকের সাহসী উদ্যোগ, প্রশংসায় এলাকাবাসী
Wednesday October 21, 2026 , 11:17 pm
যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে
বরিশালে মাদকের বিরুদ্ধে বিএনপি নেতা ফারুকের সাহসী উদ্যোগ, প্রশংসায় এলাকাবাসী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মাদকের বিস্তার রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মঙ্গলবার রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর আমানতগঞ্জ এলাকার টিবি হাসপাতাল মাঠসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন তিনি। তার এ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাদকের বিরুদ্ধে এমন প্রতিবাদী ভূমিকার প্রশংসা করছেন অনেকে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আমানতগঞ্জের টিবি হাসপাতাল ও শিশু হাসপাতালসংলগ্ন এলাকায় রাতের বেলায় কিছু যুবকের আড্ডা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষাপটে মঙ্গলবার রাত ৮টার দিকে মাদকের বিরুদ্ধে মাঠে নামেন মনিরুজ্জামান খান ফারুক। এ সময় তার সঙ্গে মহানগর ছাত্রদলের সদস্য সচিব নাভিদুর রহমান তুষারসহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অভিযানের সময় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও সতর্ক করা হয়। অভিযানের ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মাদকের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সরব ভূমিকা দেখা যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি অভিযানের কিছু কর্মকাণ্ড নিয়েও আলোচনা চলছে।তবে তার এই অভিযানকে যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।তার মত সবাই সোচ্চার হলে মাদক কিছুটা হলেও নিয়ন্ত্রন করা সম্ভব হবে বলে মনে করেন।মনিরুজ্জামান খান ফারুক বলেন, মাদকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বরিশালের কোনো এলাকায় মাদকের ঠাঁই হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে তার এ অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, এ অভিযান সম্পর্কে পুলিশকে আগে বা পরে কিছু জানানো হয়নি। তবে ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে সমাজের প্রতিটি সচেতন নাগরিকের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সচেতন মহলের মতে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে মাদকবিরোধী যেকোনো উদ্যোগ আইন মেনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত হওয়াই প্রত্যাশিত।