ছাদের রান্নাঘর ও একটি পোল্ট্রি ফার্ম সম্পূর্ণরূপে পুড়ে যায়
বরিশাল নগরীতে তিনতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পেছনে অবস্থিত দেওয়ান ভিলা নামের একটি তিনতলা ভবনের ছাদের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (মার্চ ৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ভবনের ছাদে থাকা রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ছাদের রান্নাঘর ও সেখানে থাকা একটি পোল্ট্রি ফার্ম সম্পূর্ণরূপে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকা।