|
নিজের বসত ঘরে টিকটকের দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে যায়
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ওড়না আটকে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একমাত্র ছেলে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেনীর শিক্ষার্থী রাজ মন্ডল জয় (১৬) তাঁর নিজের একটি টিকটক আইডি রয়েছে। সে দীর্ঘদিন ধরে ওই আইডিতে নিজের তৈরী করা বিভিন্ন ধরণের টিকটক এর ভিডিও আপলেড করে আসছিল এবং এতে সে যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও টিকটকার হিসেবে পরিচিত ছিল। তাঁর আইডিতে ব্যাপক ভিউ ও ফলোয়ার রয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁর নিজের বসত ঘরের দ্বিতীয় তলায় টিকটকের দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। জয় কাঠের ঘরের দ্বিতীয় তলায় তাঁর কক্ষে অবস্থানকালে দীর্ঘক্ষণেও নিচে না আসলে পরিবারের লোকজন তাঁর খোঁজ নিতে যান ছোট বোন নুপু মন্ডল। ভাইকে আড়ার সাথে ঝুলতে দেখে নিচে এসে দাদীকে জানালে প্রতিবেশীরা গিয়ে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাছরিন জাহান নিশা তাঁকে মৃত বলে ঘোষনা করে। এঘটনায় পুলিশকে সংবাদ দিলে থানার এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শরীয়তপুরে একটি হাসপাতালে নার্সের চাকুরী করেন জয়ের মা। আগৈলঝাড়ায় জয়ের দাদী, বোন ও পিতা বসবাস করে। স্থানীয় ও বাড়ির লোকজন জানান, জয়ের সাথে তাঁর পরিবার বা স্থানীয় কারো সাথে ঝগড়া ঝাটি মনোমালিন্য হয়নি। টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়েই তাঁর মৃত্যু হয়। এব্যাপারে রাজ মন্ডল জয়ের মা নার্স স্মৃতি মন্ডল কান্না জড়িত কন্ঠে বলেন, বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবী জানাই। তিনি আরো বলেন, আমি শরিয়তপুর থেকে এসে ধানের শীর্ষে ভোট দিয়েছি তাই প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে টিকটক বন্ধের জোড় দাবী জানাচ্ছি। আমার মত আর যেন কোন মায়ের বুক টিকটকের কারণে খালি না হয়। এব্যাপারে মৃত জয় মন্ডলের বোন ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নুপু মন্ডল জানান, স্যার পড়াতে আসবে বলে ভাইকে ডাকতে গিয়ে তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে দাদীকে জানাই। পরে দাদীসহ প্রতিবেশীরা গিয়ে ঝুলন্ত অবস্থায় ভাই জয়কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক সাংবাদিকদের বলেন, গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে বুধবার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
Post Views: ০
|
|