ডাস্টবিনে পড়ে থাকা অসহায় বৃদ্ধের পাশে পুলিশ সদস্য জীবন মাহমুদ
বরিশালের এক মানবিক পুলিশ সদস্য – জীবন মাহমুদ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ। শনিবার রাত ১১ টায় প্রতিদিনের ন্যায় বরিশাল লঞ্চঘাটে গেলে এক বৃদ্ধকে লঞ্চঘাটের নালায় পড়ে থাকতে দেখে মানবিকতার হাত বাড়িয়ে দেন। জীবন মাহমুদ জানান, প্রতিদিনের ন্যায় বরিশাল লঞ্চঘাটে যাই, গিয়ে দেখি বৃদ্ধ চাচা লঞ্চঘাটের নালায় পড়ে আছেন এবং গায়ে মাছি বন বন করছিলো। দেখার সাথে সাথেই আশে পাশে সবার সহযোগিতায় বৃদ্ধ চাচাকে লঞ্চঘাটের টার্মিনালে নিয়ে যাই, এরপর চাচার শরীর পরিষ্কার করে রাতের খাবার খাওয়ানোর পর চাচার পায়ে পচন ধরা জায়গায় ড্রেসিং করে লঞ্চঘাটে থাকা একজনের দায়িত্বে রেখে আসি এবং আমার ফেসবুক আইডি এবং পেজে চাচার পরিচয় জানতে চেয়ে সবার সহযোগিতা চাই। দুপুরে গিয়ে চাচাকে খাবার ও ঔষধ খাওয়ানোর পর তিনি সুস্থতা অনুভব করেন এবং তখন ফোন করে এক ভাই জানান বৃদ্ধ চাচা তার বাবা। পরিচয় নিশ্চিত করার পর তার ছেলেকে দ্রুত বরিশাল আসতে বলি। বৃদ্ধ চাচার ছেলে বরিশাল এসে তার বাবাকে নিয়ে যান। বাবাকে ফিরে পাওয়া সম্পর্কে বৃদ্ধের ছেলে জানান, তার বাবা বয়স হওয়ার কারণে এবং অসুস্থ থাকায় কাউকে কিছু না বলে ৫ দিন আগে বরিশাল চলে আসেন। অনেক জায়গায় খুঁজেও পাননি। পুলিশ সদস্য জীবন মাহমুদের সহযোগিতায় তার বাবাকে ফিরে পাওয়ায় তিনি জীবন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে জীবন মাহমুদ এর রিজার্ভ করা স্পিড বোর্ডে তারা ভোলার উদ্দেশ্যে রওনা করেন। উল্লেখ্য, মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের কৃতি সন্তান।