মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। উৎপত্তি ভূপৃষ্ঠের ১২৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে। এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছিলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলায়। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। তারও আগে গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।