Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অপারেশন কার্যক্রম বন্ধ বরিশালের ছয় উপজেলা হাসপাতালে! 
Sunday February 26, 2023 , 8:19 pm
Print this E-mail this

জেলার ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অপারেশন কার্যক্রম

অপারেশন কার্যক্রম বন্ধ বরিশালের ছয় উপজেলা হাসপাতালে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালু করার নির্দেশনা দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২২ সালের জানুয়ারি মাসের ওই সভায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক নিজেই সভাপতিত্ব করেছেন। অথচ সভা তথা নির্দেশনার এক বছরেরও অধিক সময় অতিক্রম হওয়া সত্বেও বরিশালে বন্ধ থাকা একটি হাসপাতালেও অপারেশন কার্যক্রম চালু করা হয়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অপারেশন কার্যক্রম। আর বিভাগীয় শহর হওয়ায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারনত অপারেশন কার্যক্রম থাকে না। সে হিসেবে জেলার বাকি ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। কারণ হিসেবে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যন্ত্রপাতি নষ্ট এবং জনবলের অভাবে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এসব অজুহাত দেখিয়ে অপারেশন বন্ধ রাখা যাবে না। আন্তঃহাসপাতাল পেয়ার (সার্জন ও এ্যানেস্থেসিয়া চিকিৎসকদের সমন্বয়) সৃষ্টি করে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালু করতে হবে। সূত্রমতে, ২০২২ সালের ১০ জানুয়ারি ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের। কিন্তু সভার এক বছরের বেশি সময় অতিক্রম হলেও বরিশাল জেলায় বন্ধ থাকা কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু হয়নি। জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবী, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে তারা সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে ধাপে ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন কার্যক্রম শুরু হবে। জানা গেছে, জেলা শহরের পাশ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জ, গৌরনদী এবং বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম সচল রয়েছে। সদর ব্যতিত বাকি ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটিতে প্রতিষ্ঠিত হবার পর থেকে এবং অন্যগুলোতে বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। হিজলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাজেদুল হক কাওছার বলেন, আমি পাঁচ মাস হলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। আমার হাসপাতালে অপারেশন থিয়েটার, যন্ত্রপাতি ও জনবল (ডাক্তার) কিছুই নেই। তিনি আরও বলেন, পাঁচ মাস ধরে তো বটেই, আমার জানামতে প্রতিষ্ঠাকাল থেকে হাসপাতালটিতে ওটি কার্যক্রম বন্ধ রয়েছে। দুই মাস পূর্বে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন করে আন্ত হাসপাতাল সমন্বয় অর্থ্যাৎ আমাদের দুটি হাসপাতালের সমন্বয়ে ওটি কার্যক্রম চালুর বিষয়ে আলাপ করেছিলেন। আমরা আপতত সেই চেষ্টা করছি।মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইয়েদ আমরুল্লাহ বলেন, আমার হাসপাতালে জনবলের অভাবে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতি মাসে আমি এ বিষয়ে জেলা ও বিভাগীয় কর্মকর্তাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি লিখে যাচ্ছি। কিন্তু বাস্তবে কিছুই হচ্ছেনা। গৌরনদী, বাকেরগঞ্জ ও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তাদের নিজ নিজ হাসপাতালে ওটি কার্যক্রম চালু রয়েছে বলে স্বীকার করেছেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান বলেন, আমার হাসপাতালে রোগী সাপেক্ষে সপ্তাহে প্রতিদিনই অপারেশন কার্যক্রম হচ্ছে। কোন বিশেষ দিন নয় রোগী থাকলে সবদিনই ওটি করা হয়। অন্যান্য রোগীদের চেয়ে এখানে সিজারিয়ান রোগী বেশী হয়। প্রায় একই কথা বলেছেন বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তরা। বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মারিয়া হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তবে সব প্রক্রিয়া সহজতর নয়। তিনি আরও বলেন, জেলার তিনটি উপজেলা হাসপাতালে ওটি কার্যক্রম সচল রয়েছে। ধীরে ধীরে পেয়ার সৃষ্টি করে অন্যান্য হাসপাতালগুলোতেও অপারেশন কার্যক্রম শুরু করা হবে।বরিশাল স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশালে আমাদের মূল সমস্যা হচ্ছে জনবল সংকট। শুধু এই একটি সমস্যার কারনেই মূলত অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি বন্ধ রয়েছে। জনবল হলে আন্তঃহাসপাতাল সমন্বয় বা পেয়ার সৃষ্টি করে বন্ধ থাকা হাসপাতালে ওটি শুরু করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা জনবলের বিষয়ে প্রতিনিয়ত মন্ত্রণালয় ও অধিদপ্তরকে তাগিদ দিয়ে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত এর একটি সমাধান হবে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন