|
নির্ধারিত দামের চেয়ে প্রায় ৬শ থেকে ৭শ টাকা বেশি
সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে থামছে না নৈরাজ্য
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করেই বাজারে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বর্তমানে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩শ ৪১ টাকা নির্ধারিত থাকলেও খুচরা পর্যায়ে তা দুই হাজার থেকে ২২শ টাকায় বিক্রি করা হচ্ছে। এ নৈরাজ্য থামাতে নির্বিকার সরকারি সংস্থাগুলো। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নির্ধারিত দামের চেয়ে প্রায় ৬শ থেকে ৭শ টাকা বেশি দিয়ে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকেই অভিযোগ করছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছেন। ভোক্তাদের অভিযোগ, দোকানিরা বলছেন সরবরাহ কম, তাই বেশি দামে কিনে আনতে হচ্ছে। তবে বাস্তবে এই ঘাটতির কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এতে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং ‘প্যানিক বায়িং’-এর প্রবণতাও দেখা যাচ্ছে।লালবাগের বাসিন্দা আকরাম হুসাইন বলেন, আজ সকালেও ২১শ ৫০ টাকা দিয়ে সিলিন্ডার কিনেছি। গত মাসে ১৫শ টাকা দিয়ে কিনেছিলাম। সরকারি রেট তো আরও কম। সরকার নির্ধারিত দামে কোনোদিন সিলিন্ডার কিনতে পারি না। সব সময় ২শ থেকে ৭শ টাকা বেশি দিয়ে কিনতে হয়। তাহলে দাম নির্ধারণের দরকার কী! উত্তরার আব্দুল্লাহপুরের বাসিন্দা নাজির বলেন, তিন-চার দোকান ঘুরে কোথাও কম দামে সিলিন্ডার পেলাম না। ২২শ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হলো। কম টাকা বেতনের চাকরি করি। সিলিন্ডারেই যদি দুই হাজারের বেশি চলে যায়, সংসার চালাবো কীভাবে। এ বিষয়ে একাধিক খুচরা বিক্রেতা জানান, তারা ডিলারদের কাছ থেকেই বেশি দামে গ্যাস কিনছেন। ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি সমন্বয়হীনতা ও নজরদারির ঘাটতির ফল। আজিমপুরের এলপিজি খুচরা ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের বলা হচ্ছে এলপিজির সরবরাহ কম এজন্য দাম বেড়েছে। বেশি দামে কিনতে হচ্ছে আমাদের। তাই বিক্রিও বেশি দামে করছি। সরবরাহ কম নাকি বেশি—এসব ওপরের খবর আমরা জানি না। টঙ্গীর খুচরা এলপিজি ব্যবসায়ী মিঠু বলেন, ‘১২ কেজির সিলিন্ডার ২২শ টাকা। এর কম নাই। বাজারে গ্যাস কম এজন্য দাম কিছুটা বাড়ছে। এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আমানত উল্লাহ বলেন, ‘কোম্পানি থেকে রেট বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজিতে ৪শ থেকে ৪শ ৫০ টাকা বাড়তি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে। সরকারি দামে আমরাই এলপিজি সিলিন্ডার কিনতে পারি না। আগে তো ১৫শ-১৬শ টাকায় বিক্রি হতো। গতকাল হঠাৎ দাম বাড়ানো হয়েছে। এজন্য বেশি দামে বিক্রি হচ্ছে।’
Post Views: ০
|
|