|
জাদুঘরটি উদ্বোধন করেন বরগুনার বিদায়ী জেলা প্রশাসক
দেশের প্রথম নৌকা জাদুঘর বরগুনায়
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ফিতা কেটে ১০০ বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরটি উদ্বোধন করেন বরগুনার বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় তিনি জাদুঘরের ওয়েবসাইটও উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালিব মৃধা, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, পৌর মেয়র শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনায় জেলা প্রশাসন ভবন সংলগ্ন পুরাতন পাবলিক লাইব্রেরি চত্বরে ৭৮ শতক জমির ওপর মাত্র ৮১ দিনে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এর আগে ৮ অক্টোবর এ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

জাদুঘরটি নির্মিত হয়েছে ১৬৫ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের নৌকার আদলে। এর মূল ভবনটি ৭৫ ফুট। গলুই ২৫ ফুট করে; নৌকার পেটের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের নৌকার মডেল। নৌকা জাদুঘরে দেশ-বিদেশের নানান আকৃতির ১০০ প্রকারের নৌকার মিনিয়েচার ছাড়াও এতে থাকবে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক লাইব্রেরি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা, ৯ ডি থিয়েটার, ফুড ক্যাফে ইত্যাদি। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জাদুঘরটি ১০ জানুয়ারি সাধারণের জন্য খুলে দেয়া হবে। প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে। তবে সারা দিন খোলা থাকবে শুক্র ও শনিবার। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। শিক্ষার্থীদের প্রবেশ মূল্য ১০ টাকা এবং সাধারণের ২০ টাকা।
Post Views: ০
|
|