Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেতনের ১ লাখ ৩০ হাজার টাকা দান করলেন ব্যারিস্টার সুমন 
Friday April 3, 2020 , 5:05 pm
Print this E-mail this

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছাড়াও হাইকোর্টের একজন আইনজীবী

বেতনের ১ লাখ ৩০ হাজার টাকা দান করলেন ব্যারিস্টার সুমন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা অসহায় গরিবদের তার সর্বশেষ ৪৩ দিনের (এক মাস ১১ দিন) বেতনের টাকা দান করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজের বেতনের টাকা দান করে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করতে চান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমন নিজেই। তিনি বলেন, ‘করোনার বিস্তার রোধে কার্যত লকডাউন চলছে সারা দেশব্যপী। এর মধ্যে দিন আনে দিন খায় এমন নিম্ন আয়ের মানুষ ও নিম্ন মধ্যবিত্তদের সংসার চালাতে কষ্ট করতে হচ্ছে। আমি দান করার বিষয়টি প্রকাশ করছি এজন্য যে করোনা মোকাবিলায় শুধু সরকার কেন একা ভাববেন? এটি একটি আন্তর্জাতিক দুর্যোগ। তাই এই দুর্যোগে সরকার কেন একা দায়িত্ব পালন করবে?’ তিনি চান, তার এই কাজে উৎসাহিত হয়ে দেশের হাজারো বিচারক ও আইনজীবীসহ সাংবিধানিক পোস্টধারীরা এগিয়ে আসুক। সৈয়দ সায়েদুল হক সুমন জানান, বাংলাদেশের পুলিশ নিজ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের বেতনের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে জমা দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে এগিয়ে এলেও সরকারের সচিবসহ বিভিন্ন সরকারি চাকরিজীবীরা এখনো সাড়া দেননি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারকসহ দেশের সকল বিচারক ও আইনজীবী ও অ্যাটর্নি জেনারেলদেরও এগিয়ে আসার আহ্বান জানান ব্যারিস্টার সুমন। তিনি মনে করেন, নির্বাচন কমিশনারসহ দেশের সাংবিধানিক পোস্টে যারা রয়েছেন, তারা কমপক্ষে এক-দুই দিনের বেতনও যদি প্রধানমন্ত্রীর তহবিলে দান করেন তাহলে এই দুর্যোগের সময়ে অসহায় মানুষের অনেক উপকার হবে। ব্যারিস্টার সুমন বলেন, এজন্য আমি আমার বেতনের টাকা দান করে তা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষকে উৎসাহিত করছি। এর আগে গত শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিজের ব্যবহৃত গাড়িটি ডাক্তার এবং চিকিৎসা কাজে ব্যবহারের অনুমতি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেইসঙ্গে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হিসেবে বেশ কিছু রেইনকোটও দিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় সামাজিক যোগযোগমাধ্যমে বিষয়টি জানান এই ব্যারিস্টার। তিনি বলেন, ‘এই ৭-৮ দিনের মাথায় এই প্রথম আমি বাসা থেকে বের হয়েছি। বের হয়েছি আমার কারণে নয়, দেশের কারণে। আমার বের হওয়া জরুরি। আমি খবর পেলাম, হাসপাতালগুলোতে ডাক্তারদের জন্য যে পরিমাণে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) থাকা দরকার, তা এখন নেই। সরকার থেকে তা আসছে। আমিও কয়েক জায়গায় খোঁজ নিয়ে প্রটেকটিভ ইকুইপমেন্ট পাইনি। আমি ডাক্তারের সঙ্গে আলোচনা করে কয়েকটি রেইনকোট ব্যবস্থা করেছি। এই সময় নাকি, রেইনকোটও কাজে লাগে। তাই এগুলো নিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, ‘আমার এই গাড়িটা, আমি ঢাকায় ব্যবহার করি। লকডাউনের কারণে এটি এখন কোনো কাজে লাগছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি এই গাড়িটা হাসপাতালে এবং যেখানে লাগবে সেখানে আমি দিয়ে দিতে চাই। আমি ডাক্তার সাহেবদের বলেছি, তারা আমাকে জানিয়েছেন, এখন এই সময় তাদের গাড়িটি লাগবে না। যখনই তাদের দরকার হবে তারা গাড়িটি নিতে পারবেন।’ সিলেটের চুনারুঘাট হবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে সুমন আহ্বান জানান, যাদের গাড়ি বেশি আছে তারা যদি নিজ জন্মস্থানের হাসপাতালে একটি গাড়ি দিয়ে রাখেন, তাহলে ডাক্তারদের সুবিধা হবে। এ সময় যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান সুমন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পদত্যাগের বিষয়ে সুমন বলেছিলেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে স্বেচ্ছায় জড়িত হওয়ায় ট্রাইব্যুনালে সময় দিতে পারছি না। এ অবস্থায় সরকারের কোষাগার থেকে বেতন নেয়া অনৈতিক মনে করায় আমি পদত্যাগ করেছি। পদত্যাগপত্রে ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘২০১২ সালের ১৩ নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করেছি। ইদানিং বিভিন্ন সামাজিক স্বেচ্ছামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সাথে সময় দিতে পারছি না। এমতাবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে আমি বর্তমান পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি।’ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছাড়াও হাইকোর্টের একজন আইনজীবী। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জনপ্রিয় ব্যক্তি। ফেসবুকে তাকে ৩১ লাখ মানুষ অনুসরণ করে।




Archives

Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ