চলমান করোনা সংকটে ভারতের অবস্থা খারাপ হওয়ায় বর্তমানে দেশেই অবস্থান করছেন জয়া
লকডাউনে পাঁচ দিন ধরে কুকুরকে খাওয়াতে ব্যস্ত জয়া আহসান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লকডাউনে ঢাকার রাস্তায় পাঁচ দিন ধরে ২৫ থেকে ৩০টি কুকুরকে নিজের হাতে মুরগির মাংস, ভাত আর পানি খাওয়াচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এই লকডাউনের সময় তিনি বলেছিলেন যে, বাগানেই তার একমাত্র শান্তি। কিন্তু নিজে কুকুরদের এ ভাবে নিয়ম করে যত্ন নিচ্ছেন সে কথা নিজে ফলাও করে বলেননি। দেশে এমন অনেক এনজিও আছে, যারা পশুপাখিদের নিয়ে কাজ করে। তাদের সঙ্গে বেশ অনেক দিন ধরেই যুক্ত জয়া। কিন্তু তার এই ভাবনা বা কাজকে তিনি কখনও প্রচারের আলোয় নিয়ে আসেননি। জানা গেছে, এই সময়টাতে কলকাতাতেই থাকার কথা ছিল জয়ার। কারণ, ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিং যে এখনও বাকি। তবে চলমান করোনা সংকটে ভারতের অবস্থা খারাপ হওয়ায় বর্তমানে দেশেই অবস্থান করছেন জয়া। সংবাদমাধ্যমকে জয়া আগেই জানিয়েছিলেন যে, ঢাকার রাস্তায় সেনা নেমেছে। ঢাকাতেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিছু মানুষ গরীব-অসহায়দের জন্য তহবিল করে টাকা তোলার ব্যবস্থা করছেন তিনি। তবে এ ধরনের কাজের প্রচার তিনি একেবারেই পছন্দ করেন না। এদিকে, আগামী ১৪ এপ্রিল ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’। তার ভক্তদের জন্য সেই খবর পোস্ট করে জয়া জীবাণুমুক্ত বিশ্বের আশায় দিন গুণছেন বলেও জানা গেছে।