মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা জেলা কারাগারের জেলার মো: মাসুদ পারভেজ মঈন চার দিনের ছুটিতে বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বরগুনা জেল সুপার মো: আনোয়ার হোসেন। সিলেট জেলা কারাগারের জেল সুপার আব্দুল জলিল ছুটিতে আসার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৭ জুন) তিনি চার দিনের ছুটিতে সিলেটের মেন্দিবাগের বাসায় আসেন। মঙ্গলবার সকালে তার শরীর খারাপ লাগলে তিনি গাড়িচালককে নিয়ে বাড়ির পাশে ইবনে সিনা হাসপাতালে যান। সেখানে চিকিৎসককে দেখিয়ে বের হয়ে আসার সময় তিনি মাটিতে ঢলে পড়েন। সেসময় চিকিৎসকরা তার শারীরিক অবস্থা গুরুতর দেখে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে চিকিৎসা দেন। পড়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮ টার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে গভীর শ্রদ্ধা আর শোক প্রকাশ করেছে বরিশাল মুক্তখবর পরিবার।