Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে থ্রি-হুইলার আটকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 
Sunday June 28, 2026 , 7:07 pm
Print this E-mail this

নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ এবং নগরীতে যাত্রীবান্ধব গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি

ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে থ্রি-হুইলার আটকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে প্রায় দুই শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলার আটকে রাখা হয়। শিক্ষার্থীরা ঘোষণা দেন, ভাড়া নৈরাজ্যের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এসব যানবাহন ছেড়ে দেয়া হবে না। রোববার সকালে বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীরা কলেজের শতবর্ষ গেট ও মসজিদ গেট সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে নগরীর ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় যানজট। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত প্রায় এক মাস ধরে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলারে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমনকি প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা প্রতিটি থ্রি-হুইলারের চালকের কাছে আদায়কৃত ভাড়ার বিষয়ে জানতে চান। যারা নির্ধারিত ও যৌক্তিক ভাড়া নিয়েছেন, তাদের যেতে দেওয়া হয়েছে। আর যারা অতিরিক্ত ও জোরপূর্বক ভাড়া আদায় করেছেন, তাদের গাড়ি ক্যাম্পাসের ভেতরে আটকে রাখা হয়। দুই গেট মিলিয়ে প্রায় ২০০টি যানবাহন আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, সোমবার সকাল ১১টার মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে বৈঠক করে নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেয়া হবে। প্রশাসনের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন এবং আটক রাখা যানবাহনগুলো ছেড়ে দেন। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটেছিল। পরে তাদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে সাধারণ যাত্রীরা দ্রুত ভাড়া নৈরাজ্যের অবসান, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ এবং নগরীতে কার্যকর তদারকির মাধ্যমে যাত্রীবান্ধব গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬