|
সামান্য ঝুঁকি সত্ত্বেও কোয়ারেন্টাইনের মেয়াদ কমানো হয়েছে দুটি কারণে
ব্রিটেন ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সাতদিন কেন নয়?
ডা: এ বি এম কামরুল হাসান, অতিথি প্রতিবেদক : ইনকিউবেশন কাল হল-কোন ব্যক্তির শরীরে জীবাণু প্রবেশ ও লক্ষণ প্রকাশের মধ্যবর্তী সময়। করোনাভাইরাসের ক্ষেত্রে এটি দুই থেকে চৌদ্দ দিন। তথ্যটি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এর। অপর একটি গবেষণা মতে, সাতানব্বই শতাংশ ব্যক্তি এ রোগের লক্ষণ প্রকাশ করে এগারো দশমিক পাঁচ দিনের মধ্যে। গড়ে কোভিড রোগের ইনকিউবেশন কাল প্রায় পাঁচ দিন বলে মনে করা হয়। এখন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা এটাই। তবে ভাইরাস সম্পর্কে আরো জানার সাথে সাথে এই অনুমানের পরিবর্তন হতে পারে। ইনকিউবেশন কালের তথ্যগুলো মাথায় রেখেই সিডিসি ইতিপূর্বে কোয়ারেন্টাইনের মেয়াদকাল চৌদ্দ দিন নির্ধারণ করে। কোভিড নিয়ন্ত্রণে সার্থক দেশগুলো সেটাই মেনে চলছে। সার্বিক দিক বিবেচনা করে সিডিসি মাস খানেক পূর্বে চৌদ্দ দিনকে কমিয়ে সাত থেকে দশ দিন করার সুপারিশ করেছে। করোনাভাইরাস টেস্টের ফলাফল নেগেটিভ হলে সাত দিন। টেস্ট করা না হলে দশ দিন কোয়ারেন্টাইনের কথা বলেছে সিডিসি। উভয়ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে উপসর্গহীন হতে হবে। টেস্ট করাতে হবে পঞ্চম দিনে বা তারপর। পরিবর্তিত সুপারিশের বেলায় ঝুঁকি থেকেই যাবে এক থেকে বারো শতাংশ। তাই কোয়ারেন্টাইন শেষ হবার পর হাত ধোয়া, মাস্ক ব্যবহার সহ সামাজিক দূরত্ব বা হাঁচি-কাশির বিধিমালাগুলো মানতে পরামর্শ দেয়া হচ্ছে। সামান্য ঝুঁকি সত্ত্বেও কোয়ারেন্টাইনের মেয়াদ কমানো হয়েছে দুটি কারণে। প্রথমত অর্থনৈতিক চাপ কমানো, দ্বিতীয়ত ব্যক্তি এবং সমাজের ওপর দীর্ঘতর কোয়ারান্টাইনের নেতিবাচক প্রভাব কমানো। এবার আসা যাক মূল প্রসঙ্গে। স্বাস্থ্য অধিদপ্তর ব্রিটেন ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চৌদ্দ দিনের পরিবর্তে চার দিন করে দিয়েছে। সিডিসির পরামর্শ পাঁচ দিনের আগে টেস্ট নয়, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে টেস্ট হবে চার দিনে। সিডিসি বলছে সাত বা দশ দিনের কোয়ারেন্টাইন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে চার দিনের কোয়ারেন্টাইন। কোন বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পাচ্ছি না। মন্ত্রণালয় দুসপ্তাহের বাকি দিনগুলো বাসায় থাকার পরামর্শ দিচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, বাসায় কোয়ারেন্টাইন যথাযথভাবে মানা হচ্ছে কিনা-সেটা কে নিশ্চিত করবে? কোভিডের শুরুতে যেভাবে বাড়িতে কোয়ারেন্টাইন হয়েছিল, যেভাবে বিদেশ ফেরতরা বাজার-ঘাটে ঘুরে বেরিয়েছিল, আবারো কি সেভাবেই হবে? বাসাতেই যদি কোয়ারেন্টাইন যথাযথ হবে তাহলে এয়ারপোর্ট থেকেই তাদেরকে কেন ছেড়ে দিচ্ছেন না? আর যদি বিজ্ঞানসম্মত কোয়ারেন্টাইন মানতেই হয় তাহলে সিডিসির পরামর্শ কেন মানছেন না? চার দিনের জায়গায় সাতদিন বা দশদিন কেন নয়? আমার মত আম জনতা এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দাবি করতেই পারে।
লেখক : প্রবাসী চিকিৎসক, কলামিস্ট
Post Views: ০
|
|