প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Wednesday September 2, 2026 , 5:27 pm
“পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নাগরিকদের ভূমিকা অগ্রগণ্য”-প্রতিপাদ্যে
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নাগরিকদের ভূমিকা অগ্রগণ্য”-এই প্রতিপাদ্যকে হৃদয়ঙ্গম করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এক টেবিলে বসেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিক সমাজ। নগর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর যৌথ উদ্যোগে সিসিকের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধান অতিথির বক্তব্যে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান বলেন, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরি। বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় আমরা নাগরিক সমাজ ও সনাক-টিআইবির দেয়া গঠনমূলক পরামর্শগুলো গুরুত্বের সাথে বিবেচনা করব এবং একটি তিলোত্তমা বরিশাল গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সভায় সনাক ও টিআইবি প্রতিনিধিরা পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান করা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য বিসিসি কর্তৃপক্ষের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। সভায় বিসিসির কর্মকর্তাদের পক্ষে উপস্থিত ছিলেন-সংস্থাটির প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিনসহ পরিচ্ছন্নতা শাখার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাবৃন্দ। নাগরিক সমাজের পক্ষে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন সনাক-টিআইবির সদস্য জীবন কৃষ্ণ দে, সনাক-টিআইবির সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন এবং সাবেক সভাপতি অধ্যাপক (অব.) শাহ সাজেদা। এছাড়া টিআইবির প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত থেকে নগরীর সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।