Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের ৭৯তম জন্মদিন আজ 
Tuesday February 22, 2022 , 10:38 am
Print this E-mail this

বিবিসি’র জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা তিনি

প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের ৭৯তম জন্মদিন আজ


মুক্তখবর বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তার জন্মদিন। এ বছর তিনি ৭৯ পেরিয়ে পদার্পণ করছেন আশিতে। বয়সকে জয় করে এখনো তিনি গান লিখে যাচ্ছেন প্রতিনিয়ত। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ১৯৬৪ সাল থেকে তিনি তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। এখন পর্যন্ত তার রচিত গানের সংখ্যা ২০ হাজারেরও বেশি। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ ও অনুভূতির কথা। ১৯৬২-৬৩ সালে মেডিক্যাল কলেজে পড়ার সময় গাজী মাজহারুল আনোয়ার লিখেছিলেন প্রথম গান ‘বুঝেছি মনের বনে রং লেগেছে’। গানটির সুর করেছিলেন নাজমূল হুদা বাচ্চু, গেয়েছিলেন শিল্পী ফরিদা ইয়াসমিন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লিখে ৫০ টাকা আয়ের মাধ্যমে পেশাদার গীতিকার হিসেবে জীবন শুরু করেন তিনি। ১৯৬৫ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর চিত্রনাট্য, গান, সংলাপ ও কাহিনি রচনা শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত ছিলেন সংশ্লিষ্ট প্রতিটি অঙ্গনে। সুভাষ দত্তের ‘আয়না ও অবশিষ্ট’ চলচ্চিত্রে ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি দিয়ে চলচ্চিত্রের গান লেখা শুরু করেন গাজী মাজহারুল আনোয়ার। তার প্রযোজনা প্রতিষ্ঠান দেশ চিত্রকথা থেকে বেরিয়েছে-‘শাস্তি’, ‘স্বাধীন’, ‘শর্ত’, ‘সমর’, ‘শ্রদ্ধা’, ‘ক্ষুধা’, ‘স্নেহ’, ‘তপস্যা’, ‘উল্কা’, ‘আম্মা’, ‘পরাধীন’, ‘আর্তনাদ’, ‘পাষাণের প্রেম’ ও ‘এই যে দুনিয়া’ নামের চলচ্চিত্র। বিবিসি’র জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার। গানগুলো হচ্ছে-‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা’ ও ‘একবার যেতে দে না’। গীতিকবি হিসেবে গাজী মাজহারুল আনোয়ার পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ২০০২ সালে একুশে পদক, ১৯৭২ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক, এস এম সুলতান স্মৃতি পদক, একাধিকবার বাচসাস পদকসহ অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী