Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার 
Monday March 23, 2026 , 3:11 pm
Print this E-mail this

খালটির পুনঃখনন কার্যক্রম চলমান থাকায় স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশা

বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত ঐতিহ্যবাহী স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রম সোমবার (মার্চ ২৩) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য  এ্যাড. মো: মজিবুর রহমান সরোয়ার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুর রহমান, বরিশালের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: খালিদ সাইফুল্লাহ, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক মো: নুরুল আমীন সহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরিদর্শন শেষে বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খননসহ বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, যার সুফল একসময় সারাদেশের মানুষ পেয়েছে। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও পুনঃখননের অভাবে দেশের অনেক খাল আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। বরিশালের এই স্বনির্ভর খালটিও তার ব্যতিক্রম ছিল না। তিনি বলেন, বর্তমানে খালটির পুনঃখনন কার্যক্রম চলমান থাকায় স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। এতদিন পানির অভাবে যেসব জমি অনাবাদি ছিল, সেগুলো আবার চাষের আওতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি শুধু একটি খাল পুনঃখনন নয়, বরং এটি একটি অর্থনৈতিক পুনর্জাগরণের সূচনা। তিনি আরও জানান, সরকার খাল পুনঃখনন কার্যক্রমকে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করছে। খননকৃত খালগুলোর দুই তীরে পরিকল্পিত বৃক্ষরোপণ, মৎস্যচাষ, হাঁস পালন এবং পর্যটন ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে। দেশের বেকারত্ব হ্রাসের দিকেও গুরুত্বারোপ করে তিনি বলেন, খাল খনন ও সংশ্লিষ্ট কার্যক্রমে স্থানীয় বেকার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা গেলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের কৃষিখাতও আরও গতিশীল হবে। কৃষি, পানি ও প্রকৃতির সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়েই টেকসই উন্নয়ন সম্ভব। তিনি বরিশালের ঐতিহ্য উল্লেখ করে বলেন, ধান, নদী ও খাল—এই তিনের সমন্বয়ে বরিশালের স্বকীয়তা গড়ে উঠেছে। তাই দখলকৃত খাল উদ্ধার ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় বরিশাল সদরের সংসদ সদস্য এ্যাড. মজিবুর রহমান সরোয়ার বলেন, এই খালটি শুধু একটি পানি প্রবাহের মাধ্যম নয়, বরং এটি বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খননকৃত এই খালের পুনঃখনন কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে খননের পর এর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা আরও জরুরি। তিনি আরও বলেন, বরিশালে যেসব খাল দখল হয়ে আছে, সেগুলো উদ্ধারে আমি কাজ করব। এই খাল পুনঃখননে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, খাল পুনঃখননের অভাবে এ অঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন। সেচের অভাবে ফসল উৎপাদন ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। বর্তমানে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে কৃষি খাতে আমূল পরিবর্তন আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জানা যায়, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ স্বনির্ভর খালটির মধ্যে ইতোমধ্যে প্রায় ৩ কিলোমিটার পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র অর্থায়ন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। গত বছর এই পুনঃখনন কাজ শুরু হয়ে চলতি বছরেও চলমান রয়েছে। খালটির পূর্ণাঙ্গ খনন সম্পন্ন হলে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পানির প্রবাহ বন্ধ থাকায় এলাকার হাজার হাজার একর কৃষিজমি অনাবাদি অবস্থায় পড়ে ছিল, ফলে বহু কৃষক পরিবার আর্থিক সংকটে পড়েন। তবে পুনঃখনন কাজ এগিয়ে যাওয়ায় কৃষকদের মাঝে নতুন করে চাষাবাদের আশা জেগেছে। স্থানীয় কৃষকরা জানান, খালটির কাজ সম্পন্ন হলে সেচ সমস্যা অনেকাংশে দূর হবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা করছেন। উল্লেখ্য, স্বনির্ভর খালটির পুনঃখনন কার্যক্রমের প্রধান উদ্যোক্তা মো: খালিদ সাইফুল্লাহ। এই উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় কৃষকেরা তাকে সাধুবাদ জানিয়েছেন।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!